রহিম হৃদয়: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজারে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। ২২ আগস্ট শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বোয়ালখালী বাজারের সেলিম স্টোরের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন রাঙামাটির সাজেকের বাঘাইহাট এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে মো. সাইফুল ইসলাম (২৬), দীঘিনালার রাজেন্দ্র কার্বারি পাড়ার হেমান্দ্র ত্রিপুরার ছেলে কাকো মনি ত্রিপুরা (৩৫) এবং বোয়ালখালী পুরাতন বাজারের রমজান আলীর ছেলে আবু তৈয়ব (৩৮)।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে এসআই মো. শাহ আব্দুল আজিজ, এসআই মাহাবুল ইসলাম ও সঙ্গীয় সদস্যরা অভিযান পরিচালনা করেন। এ সময় তিনজনকে আটক করে তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
খাগড়াছড়ি জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোহাম্মদ শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
