মো. সোহেল রানা: ‘নৌযান শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে খাগড়াছড়িতে নৌযান শুমারি-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। ১৯ আগস্ট বুধবার সকালে জেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় এ কর্মসূচি পালন করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। র্যালিতে অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মারুফ, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মো. রিয়াসাদ উদ্দীন, খাগড়াছড়ি সদর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা কমলেন্দু চাকমা, মহালছড়ি উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. নাছির উদ্দীন, নৌযান শুমারির তথ্য সংগ্রহকারী এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা শাখার সদস্যরা অংশ নেন।
আয়োজকরা জানান, নৌযান শুমারি-২০২৬ এর মূল তথ্য সংগ্রহ কার্যক্রম ২০ থেকে ২৯ আগস্ট পর্যন্ত চলবে। এ সময়ে সংশ্লিষ্ট তথ্য সংগ্রহকারীরা জেলার বিভিন্ন এলাকায় নৌযানসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন।
সংশ্লিষ্টরা বলেন, সঠিক তথ্য সংগ্রহের মাধ্যমে দেশের নৌযান খাতের পরিসংখ্যানভিত্তিক চিত্র পাওয়া যাবে, যা ভবিষ্যৎ পরিকল্পনা ও উন্নয়ন কার্যক্রম গ্রহণে সহায়ক হবে।
