জসীম উদ্দিন জয়নাল: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য জোরদার এবং তরুণদের মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সম্প্রীতি কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ শুরু হয়েছে। ১৯ আগস্ট বুধবার বিকেল সাড়ে ৩টায় মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মাটিরাঙ্গা জোনের উদ্যোগে টুর্নামেন্টের উদ্বোধন করেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খাঁন, পিএসসি।
উদ্বোধনী অনুষ্ঠানে পায়রা ও বেলুন উড়িয়ে টুর্নামেন্টের সূচনা করা হয়। এ সময় মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেল, মাটিরাঙ্গা জোনের ক্যাপ্টেন রেজওয়ান তৌফিক ই রিজভী, মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইমাম উদ্দিন, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক, খেলোয়াড় ও বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে মোট ছয়টি দল অংশ নিয়েছে। দলগুলো হলো মাটিরাঙ্গা পৌরসভা একাদশ, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন একাদশ, বেলছড়ি ইউনিয়ন একাদশ, গোমতী ইউনিয়ন একাদশ, আমতলী ইউনিয়ন একাদশ ও তাইন্দং ইউনিয়ন একাদশ।
উদ্বোধনী ম্যাচে মাটিরাঙ্গা পৌরসভা একাদশ ও মাটিরাঙ্গা সদর ইউনিয়ন একাদশ মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলাটি ২-২ গোলে ড্র হয়। খেলা দেখতে মাঠে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।
জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খাঁন বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব ও পারস্পরিক ভ্রাতৃত্ববোধ তৈরি হয়।
তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষক, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে মাটিরাঙ্গা জোনের সহযোগিতা অব্যাহত থাকবে।
