প্রতিনিধি: খাগড়াছড়ির গুইমারায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৫ আগস্ট শনিবার বিকেলে গুইমারা উপজেলা অডিটোরিয়াম হলে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহাবুব আলী, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিম, সাবেক সভাপতি মো. ইউচুপসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি দীর্ঘদিন ধরে গণতন্ত্র, ন্যায়নীতি ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে আসছে। বিভিন্ন সময়ে দলটির নেতাকর্মীরা নানা প্রতিকূলতার মুখোমুখি হলেও তারা রাজনৈতিক আদর্শ থেকে বিচ্যুত হননি বলে দাবি করেন বক্তারা।
বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করেন।
পরে বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
