প্রতিনিধি: খাগড়াছড়ির গুইমারা উপজেলায় মাইক্রোবাসের চাপায় সুদুঅং মারমা (৪৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
১৫ আগস্ট শনিবার সকাল ১১টার দিকে উপজেলার জালিয়াপাড়া ক্যাফে পিলাক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুদুঅং মারমা রামগড় উপজেলার পাকলা পাড়ার বাসিন্দা। তিনি রুইচাইঅং মারমার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে গুইমারা থেকে মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশে যাওয়ার সময় জালিয়াপাড়া ক্যাফে পিলাক এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। মাইক্রোবাসটি সড়কের ডানদিকে গিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় বলে স্থানীয়রা জানান।
দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সুদুঅং মারমাকে বিজিবি হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল সূত্রে জানা যায়, দুর্ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
