মো সোহেল রানা : খাগড়াছড়ির দীঘিনালায় বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের উদ্যোগে চক্ষু অপারেশন-পরবর্তী রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও ফলোআপ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ৭ আগস্ট শুক্রবার দীঘিনালা জোন সদর দপ্তরে আয়োজিত এ ক্যাম্পে চট্টগ্রামের লায়ন্স চ্যারিটেবল আই হাসপাতালের দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক ও একজন প্যারামেডিক অংশ নেন।
ক্যাম্পে গত ২৫ জুলাই লায়ন্স চ্যারিটেবল আই হাসপাতালে চোখের অস্ত্রোপচার করা ২৮ জন রোগীর ফলোআপ পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ১৩ জন পাহাড়ি এবং ১৫ জন বাঙালি রোগী ছিলেন।
চিকিৎসকরা রোগীদের অস্ত্রোপচার-পরবর্তী শারীরিক অবস্থা পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও পরিচর্যার নির্দেশনা দেন। পাশাপাশি রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।
দীঘিনালা জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসারের (আরএমও) তত্ত্বাবধানে পরিচালিত এ কার্যক্রমের মাধ্যমে অপারেশন-পরবর্তী রোগীদের নিয়মিত চিকিৎসা পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয়।
ক্যাম্পে অংশ নেওয়া রোগী ও তাদের স্বজনরা এ ধরনের মানবিক উদ্যোগের জন্য বাংলাদেশ সেনাবাহিনী ও লায়ন্স চ্যারিটেবল আই হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।
দুর্গম পার্বত্য এলাকার মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছে সংশ্লিষ্টরা।
