আরিফুল ইসলাম মহিন : খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় মাদকবিরোধী কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি, পানছড়ি শাখা। ২৪ জুলাই শুক্রবার সংগঠন দুটির প্রকাশিত এক জরুরি নোটিশে মাদক ব্যবসা, সরবরাহ ও সেবনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের কথা জানানো হয়েছে।
নোটিশে বলা হয়, সম্প্রতি পানছড়ি এলাকায় বিশেষ করে ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন মাদকের কেনাবেচা, সরবরাহ ও সেবনের প্রবণতা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এতে যুবসমাজ বিপথে যাচ্ছে এবং এলাকার সামাজিক শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা হুমকির মুখে পড়ছে।
পরিস্থিতি মোকাবিলায় সংগঠন দুটি কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে— মাদক ব্যবসা, চোরাচালান বা সেবনের প্রমাণ পাওয়া গেলে কোনো ধরনের আপস না করে কঠোর ব্যবস্থা গ্রহণ, মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তি, সহযোগী ও আশ্রয়দাতাদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার উদ্যোগ গ্রহণ এবং প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণে সহায়তা করা।
এছাড়া মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে বয়কটের ঘোষণাও দেওয়া হয়েছে। নোটিশে বলা হয়, তাদের কোনো সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। একই সঙ্গে সচেতন নাগরিক ও যুবসমাজের সমন্বয়ে একটি নজরদারি দল গঠন করা হয়েছে, যারা এলাকায় সন্দেহজনক কার্যক্রমের ওপর সার্বক্ষণিক নজরদারি চালাবে।
সংগঠন দুটির পক্ষ থেকে মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের অবিলম্বে এ ধরনের কর্মকাণ্ড থেকে সরে আসার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় আইনগত ও সামাজিকভাবে কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে বলে সতর্ক করা হয়েছে।
মাদকমুক্ত, সুস্থ ও নিরাপদ সমাজ গঠনে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করে সংগঠন দুটি জানায়, পানছড়িকে মাদক ও অপরাধমুক্ত রাখতে জনসচেতনতামূলক কার্যক্রম এবং সামাজিক প্রতিরোধমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
