খাগড়াছড়িতে নৈতিকতা উন্নয়ন সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত


hello.ahmedpolash প্রকাশের সময় : মে ৬, ২০২৬, ২:৫২ অপরাহ্ন /
খাগড়াছড়িতে নৈতিকতা উন্নয়ন সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রতিনিধি : খাগড়াছড়িতে শিক্ষার্থীদের নৈতিকতা, মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে নৈতিকতা উন্নয়ন বিষয়ক সভা, চলচ্চিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসের আয়োজনে দিনব্যাপী এ কর্মসূচি শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
৬ মে বুধবার বেলা ১১টায় খাগড়াছড়ি সদর উপজেলার কমলছড়ি ইউনিয়নের ভূয়াছড়ি উচ্চ বিদ্যালয়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসার মো. বেলায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক রবিউল ইসলাম এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ খিসা।
অনুষ্ঠানের শুরুতে নৈতিকতা ও মূল্যবোধভিত্তিক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। চলচ্চিত্রে বর্তমান সমাজে নৈতিক অবক্ষয়, সামাজিক দায়বদ্ধতা, সততা ও মানবিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরা হয়, যা শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রভাব সৃষ্টি করে।
সভাপতির বক্তব্যে জেলা তথ্য অফিসার মো. বেলায়েত হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, উন্নত ও সমৃদ্ধ দেশ গঠনে শুধু পাঠ্যজ্ঞান নয়, নৈতিকতা, শৃঙ্খলা, দেশপ্রেম এবং মানবিক মূল্যবোধের চর্চা অপরিহার্য। তিনি শিক্ষার্থীদের জীবনের প্রতিটি ক্ষেত্রে এসব মূল্যবোধ ধারণ ও বাস্তবায়নের আহ্বান জানান।
পরে ভিডিওচিত্রের আলোকে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করে এবং নৈতিকতা ও সামাজিক সচেতনতা বিষয়ে তাদের জ্ঞান প্রদর্শন করে।
শেষে বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের নৈতিক বিকাশ, সামাজিক দায়িত্ববোধ ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।