নাইক্ষ্যংছড়িতে খাল পুনঃখননে ব্যয় সাশ্রয় সরকারি কোষাগারে ফেরত ১ কোটি ৩ লাখ ৮৩ হাজার টাকা

পার্বত্য চট্টগ্রাম অর্থনীতি জাতীয় বান্দরবান ব্রেকিং নিউজ

মোহাম্মদ ইউনুছ : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দুটি খাল পুনঃখনন প্রকল্পের কাজ সম্পন্ন করে অব্যয়িত ১ কোটি ৩ লাখ ৮৩ হাজার টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়েছে উপজেলা প্রশাসন। ২৩ জুলাই বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এনামুল হাসান।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা যায়, সদর ইউনিয়ন ও সোনাইছড়ি ইউনিয়নের দুটি খাল পুনঃখননের জন্য সরকার মোট ২ কোটি ২৪ লাখ টাকা বরাদ্দ দেয়। প্রকল্প বাস্তবায়নে ব্যয় হয়েছে ১ কোটি ২০ লাখ ১৭ হাজার টাকা। প্রয়োজনীয় ব্যয় শেষে অবশিষ্ট অর্থ সরকারি বিধি অনুযায়ী রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।

প্রকল্পের আওতায় সোনাইছড়ি ইউনিয়নের জারুলিয়াছড়ি এলাকায় প্রায় ৪ দশমিক ৫ কিলোমিটার এবং নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নে ২ দশমিক ৫ কিলোমিটার খাল পুনঃখনন করা হয়। এর ফলে পানিপ্রবাহ স্বাভাবিক হওয়া, জলাবদ্ধতা কমানো, সেচব্যবস্থার উন্নয়ন এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

জানা গেছে, চলতি বছরের ৩ মে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নে এবং ১০ জুন সোনাইছড়ি ইউনিয়নের জারুলিয়াছড়িতে প্রকল্পের কাজ শুরু হয়। কাজের পুরো সময়জুড়ে উপজেলা প্রশাসন নিয়মিত তদারকি করায় নির্ধারিত মান বজায় রেখেই তুলনামূলক কম ব্যয়ে প্রকল্পটি সম্পন্ন করা সম্ভব হয়েছে।

স্থানীয় কৃষকদের ভাষ্য, দীর্ঘদিন ধরে খাল ভরাট ও নাব্যতা কমে যাওয়ায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতা এবং শুষ্ক মৌসুমে সেচসংকট দেখা দিত। পুনঃখননের ফলে পানিনিষ্কাশন সহজ হবে, কৃষিজমিতে উৎপাদন বাড়বে এবং এলাকার পরিবেশগত ভারসাম্য রক্ষায়ও ইতিবাচক ভূমিকা রাখবে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করেই প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। প্রয়োজনীয় ব্যয় শেষে অবশিষ্ট অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এনামুল হাসান বলেন, সরকারি অর্থ জনগণের আমানত। তাই প্রতিটি প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও ব্যয়ের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অনুসরণ করা হয়েছে। প্রয়োজনীয় কাজ সম্পন্ন করার পর যে অর্থ অবশিষ্ট ছিল, তা বিধি অনুযায়ী সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *