
প্রতিনিধি: খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কের আলুটিলা এলাকায় সড়ক দুর্ঘটনায় এনায়েত হোসেন সৌরভ নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
২৮ এপ্রিল মঙ্গলবার দুপুর ১টার দিকে থ্রি-হুইলার ও একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত সৌরভ খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারী ছিলেন।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী প্রিয়া আক্তারসহ আরও একজন আহত হয়েছেন। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কায় কিসলু জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কের আলুটিলা এলাকা দীর্ঘদিন ধরে দুর্ঘটনাপ্রবণ হিসেবে পরিচিত। ঘন ঘন দুর্ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। তারা দ্রুত সড়ক নিরাপত্তা জোরদার ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :