খাগড়াছড়িতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত


admin প্রকাশের সময় : এপ্রিল ২৮, ২০২৬, ৬:১১ অপরাহ্ন /
খাগড়াছড়িতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

প্রতিনিধি:
“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ পালিত হয়েছে।
২৮ এপ্রিল মঙ্গলবার সকালে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বেলুন ও শান্তির প্রতীক কবুতর উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ জাকির হোসেন খান।
উদ্বোধনের পর আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পৌর টাউন হল হয়ে অফিসার্স ক্লাব প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে বিচার বিভাগ, প্রশাসন, আইনজীবী, পুলিশ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন।
পরে অফিসার্স ক্লাব প্রাঙ্গণে লিগ্যাল এইড বিষয়ক মেলা এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয়। দিনব্যাপী আয়োজনে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে আইনগত সহায়তা, পরামর্শ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা চিফ লিগ্যাল এইড অফিসার (বিচারক) ফারজানা আকতার। এ সময় উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. নোমান মহিউদ্দিন, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নেছার উদ্দিন, পুলিশ সুপার মো. মোরতোজা আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রুমানা আক্তার, সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মালেক মিন্টুসহ অন্যান্য কর্মকর্তারা।
অনুষ্ঠানে জানানো হয়, ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত জেলা লিগ্যাল এইড কমিটি আপোষ-মীমাংসার মাধ্যমে ৩৩ লাখ ৭৭ হাজার ১০ টাকা আদায় করে ভুক্তভোগীদের বুঝিয়ে দিয়েছে। একই সময়ে ১৩৩টি মামলায় আইনজীবী নিয়োগ এবং ৩৪০ জনকে বিনামূল্যে আইনগত পরামর্শ প্রদান করা হয়েছে।
বক্তারা বলেন, আর্থিকভাবে অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে রাষ্ট্রীয় আইনগত সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ কার্যক্রমকে আরও বিস্তৃত ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠান শেষে লিগ্যাল এইড কার্যক্রমে অবদানের জন্য সেরা প্যানেল আইনজীবীদের সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।