জসীম উদ্দিন জয়নাল :
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার সীমান্তবর্তী তাইন্দং ইউনিয়নের উত্তর বাঘমারা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদানের সুবিধার্থে ৬ জোড়া বেঞ্চ প্রদান করেছে ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশন।
১৩ নভেম্বর শুক্রবার দুপুরে ফাউন্ডেশনের পক্ষ থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে বেঞ্চগুলো তুলে দেন খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সহ-ছাত্রবিষয়ক সম্পাদক মো. শাহেদুল হোসেন সুমন।
এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মো. মিজানুর রহমান, খাগড়াছড়ি সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. ইব্রাহীম, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মো. বাচ্চু আহম্মেদ, তাইন্দং ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. করম আলী, ইউনিয়ন বিএনপির সদস্য দপ্তর মো. তৌফিকুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বেঞ্চ প্রদানকালে মো. শাহেদুল হোসেন সুমন বলেন, “শিক্ষা জাতির মেরুদণ্ড। প্রত্যন্ত ও সীমান্তবর্তী এলাকার শিক্ষার্থীরাও যেন মানসম্মত পরিবেশে পড়াশোনার সুযোগ পায়, সে লক্ষ্যেই ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের এ উদ্যোগ।” শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ উন্নয়নে সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও বিভিন্ন সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া দীর্ঘদিন ধরে পাহাড়ের মানুষের কল্যাণে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা ও সামাজিক উন্নয়নে ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এদিকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদানের সুবিধার্থে বেঞ্চ প্রদান করায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয়রা।
