জসীম উদ্দিন জয়নাল :
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা করেছে উপজেলা ও পৌর বিএনপি।
৮ নভেম্বর রবিবার সকাল ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে দলীয় কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাটিরাঙ্গা পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রদলের সদস্য আব্দুর রহমান রানার সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল।
এ সময় উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম মজুমদার, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি ও পার্বত্য জেলা পরিষদের সদস্য নারায়ণ ত্রিপুরা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন খোন্দকার, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত আশীষ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সাদ্দাম, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জয়নাল আবেদীন সরকার, সদস্য সচিব ফোরকান ইমামী, পৌর যুবদলের আহ্বায়ক মো. গিয়াস উদ্দিন, জেলা ছাত্রদলের সহসভাপতি মো. আরিফুল ইসলাম সজল, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি নুর মোহাম্মদ রাব্বি এবং জেলা ছাত্রদলের সদস্য মো. দিদারুল আলমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম মজুমদার বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এ দিবসের চেতনা থেকে শিক্ষা নিয়ে গণতন্ত্র, জনগণের অধিকার ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে মো. শাহ জালাল কাজল বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঐক্য, দেশপ্রেম ও গণতান্ত্রিক চেতনার প্রতীক। দলের সব পর্যায়ের নেতাকর্মীকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থেকে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে। পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
