প্রতিনিধি:
উদ্যোক্তাদের আর্থিক ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি এবং ব্যবসায়িক কার্যক্রম আরও পরিকল্পিতভাবে পরিচালনার সক্ষমতা তৈরির লক্ষ্যে খাগড়াছড়িতে দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ৩১ অক্টোবর শনিবার থেকে ১ নভেম্বর রোববার পর্যন্ত খাগড়াছড়ি সদরের মিলনপুরে হিলটপ গেস্ট হাউসের সম্মেলনকক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
‘Financial Management Training for Get Ahead and IYB Training Participants’ শীর্ষক প্রশিক্ষণে স্থানীয় ৩০ জন উদ্যোক্তা অংশ নেন। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) বাংলাদেশ কার্যালয়ের ProGRESS প্রকল্পের সহযোগিতায় এবং জাবারাং কল্যাণ সমিতির আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মালিয়া ফাউন্ডেশনের ফাইন্যান্স ফ্যাসিলিটেটর সূর্য্যব্রত ত্রিপুরা। এ সময় জাবারাং কল্যাণ সমিতির প্রকল্প ব্যবস্থাপক দয়ানন্দ ত্রিপুরা, প্রোগ্রাম অফিসার রিকেন তালুকদারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে গেট অ্যাহেড ও আইওয়াইবি কর্মসূচির আওতাভুক্ত উদ্যোক্তাদের আর্থিক পরিকল্পনা, আয়-ব্যয়ের হিসাব সংরক্ষণ, অর্থ ব্যবস্থাপনা এবং ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
আয়োজকদের আশা, এ প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তারা ব্যবসার আর্থিক কার্যক্রম আরও সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে পারবেন। পাশাপাশি তাঁদের উদ্যোগের স্থায়িত্ব ও সম্প্রসারণেও অর্জিত জ্ঞান সহায়ক ভূমিকা রাখবে।
