খাগড়াছড়িতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

🏛️ রাজনীতি খাগড়াছড়ি খাগড়াছড়ি সদর

নাঈমুল ইসলাম ভূঁইয়া :

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য র‍্যালি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, রক্তদান এবং অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালিটি চেঙ্গী স্কয়ার থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে জিয়াউর রহমানের ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করা হয়। জেলার বিভিন্ন উপজেলা থেকে যুবদলের নেতাকর্মীরা এসব কর্মসূচিতে অংশ নেন।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ির সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসোথাই মারমা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছারসহ দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূঁইয়া বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি এবং তরুণদের মাদক ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রেখে দেশ গঠনে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে যুবদল প্রতিষ্ঠা করেছিলেন। যুবসমাজকে উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত করে সমাজ ও রাষ্ট্রের অগ্রগতিতে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

খাগড়াছড়ি জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াসিম।

সভাপতির বক্তব্যে মাহবুব আলম সবুজ বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে খাগড়াছড়ি জেলা যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভবিষ্যতেও যেকোনো আন্দোলন-সংগ্রামে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করবেন বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং জনকল্যাণমূলক কাজে ভূমিকা রাখার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, রক্তদান এবং অসহায় ও দুস্থ মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়। এসব কর্মসূচির মাধ্যমে সামাজিক দায়বদ্ধতা ও মানবিক কর্মকাণ্ডে যুবসমাজের অংশগ্রহণের বিষয়টি তুলে ধরা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *