আরিফুল ইসলাম মহিন :
খাগড়াছড়ির পানছড়ি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি সাবমেশিনগান (এসএমজি), ১০০ রাউন্ড গুলি ও দুটি বাটন মোবাইল ফোন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিজিবির ধাওয়ায় ১০ থেকে ১২ জনের একটি সন্দেহভাজন দল পাহাড়ের ঘন জঙ্গলে পালিয়ে যায়।
১৭ অক্টোবর শনিবার বিজিবির পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৬ অক্টোবর শুক্রবার রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে বৌদ্ধমনিপাড়া বিওপির নায়েব সুবেদার মো. এমদাদুল হকের নেতৃত্বে একটি টহল দল সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছিল।
এ সময় টহল দলটি কচুছড়িমুখ এলাকায় পৌঁছে কয়েকজনের সন্দেহজনক চলাচল দেখতে পায়। পরে কৌশলগতভাবে সামনে এগিয়ে সীমান্তের কাছাকাছি পাহাড় থেকে কাঁধে ব্যাগ নিয়ে ১০ থেকে ১২ জনের একটি দলকে সীমান্ত সড়কের দিকে নেমে আসতে দেখে বিজিবি সদস্যরা। তাঁদের থামার সংকেত দেওয়া হলে দলটি পালানোর চেষ্টা করে। পরে বিজিবি সদস্যরা ধাওয়া করলে তারা সড়কসংলগ্ন পাহাড়ের ঘন জঙ্গলে পালিয়ে যায়।
এরপর ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ৭.৬২ মিলিমিটার এসএমজি, ১০০ রাউন্ড গুলি এবং দুটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও মোবাইল ফোন পানছড়ি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলামের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।
বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখা, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র ও গোলাবারুদ পাচারসহ চোরাচালান প্রতিরোধে তাদের নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চলবে।
