মীরসরাইয়ে বিজিবির অভিযানে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

অপরাধ রামগড়

মো. শরিফুল ইসলাম ভূঁইয়া আসাদ :

চট্টগ্রামের মীরসরাইয়ে সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৪৮৪ পিস ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা শাড়িগুলোর আনুমানিক সিজার মূল্য ১৯ লাখ ৩৬ হাজার টাকা।

১৪ অক্টোবর বুধবার  ভোর সাড়ে ৫টার দিকে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) পরিচালিত এ অভিযান মীরসরাই উপজেলার ছোটফরিংগা বিওপির সীমান্ত পিলার ২২০৩/২-আরবি থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে নয়াটিলা মাজারসংলগ্ন পাহাড়ি এলাকায় চালানো হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় এবং নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় পাহাড়ি এলাকার বিভিন্ন উঁচু-নিচু স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ৪৮৪ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়।

জব্দ করা শাড়িগুলো কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) কর্তৃপক্ষ জানায়, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ পণ্যের প্রবেশ ঠেকাতে তাদের অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে। এ কাজে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সহযোগিতা ও জনসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *