ছানোয়ার হোসেন:
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে খাগড়াছড়ির মহালছড়িতে বিভিন্ন মন্দির ও পূজা উদযাপন কমিটির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছে মহালছড়ি জোন। ৮ অক্টোবর বৃহস্পতিবার জোনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মহালছড়ি জোনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আসিফ আল-জাবির। এতে উপজেলার বিভিন্ন এলাকার মন্দির ও পূজা উদযাপন কমিটির সভাপতি, সহসভাপতি, আহ্বায়ক, সদস্যসচিবসহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নেন।
সভায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল শ্রীশ্রী দক্ষিণা কালী মন্দির, শ্রীশ্রী জগন্নাথ মন্দির, ভুয়াছড়ি সার্বজনীন শারদীয় দুর্গোৎসব কমিটি, বিজিতলার আকবড়িপাড়া শ্রীশ্রী শিব মন্দির এবং জংলী টিলার থানা চন্দ্রপাড়া শ্রীশ্রী দুর্গা মন্দিরের প্রতিনিধিরা।
আলোচনায় দুর্গাপূজার সময় মন্দির ও পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, দর্শনার্থীদের নিরাপত্তা এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দেখা দিলে তা মোকাবিলায় পারস্পরিক যোগাযোগ ও সমন্বয়ের বিষয় গুরুত্ব পায়।
জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আসিফ আল-জাবির বলেন, সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে দুর্গাপূজা উদযাপন করতে হবে। পূজাকে ঘিরে যেন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, উৎসবের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে মন্দির কমিটি, স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় জনগণের মধ্যে সমন্বয় থাকা প্রয়োজন।
মতবিনিময়ে মন্দির ও পূজা উদযাপন কমিটির প্রতিনিধিরা নিজেদের প্রস্তুতি, নিরাপত্তা-সংক্রান্ত প্রয়োজন এবং বিভিন্ন বিষয় তুলে ধরেন। মহালছড়ি জোনের উদ্যোগকে স্বাগত জানিয়ে তারা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্ট মন্দির কমিটির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
