ছোটন বিশ্বাস :
খাগড়াছড়ির গুইমারা সেক্টরের অধীন তিনটি ব্যাটালিয়নের বিভিন্ন অভিযানে জব্দ করা প্রায় তিন কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৭ অক্টোবর বুধবার রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) মাঠে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের ৩১ আগস্ট পর্যন্ত সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়। এর মধ্যে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ, সিগারেট, ইয়াবাসহ অন্যান্য অবৈধ তামাকজাত ও মাদকদ্রব্য ছিল।
মাদকদ্রব্য ধ্বংস কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিজিবি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ।
তিনি বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক চোরাচালান বন্ধে বিজিবির অভিযান নিয়মিতভাবে চলবে। মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন ও সহযোগিতাপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে গুইমারা সেক্টরের সেক্টর কমান্ডারসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশাসনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও স্থানীয় শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনার পাশাপাশি জব্দ করা অবৈধ মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়া শেষে ধ্বংস করা হচ্ছে।
