মো. সোহেল রানা :
সীমান্ত নিরাপত্তার পাশাপাশি দুর্গম পাহাড়ি এলাকার মানুষের জন্য চিকিৎসাসেবা ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর অংশ হিসেবে রাঙামাটির সাজেকে পাহাড়ি জনগোষ্ঠীর শতাধিক নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং ওষুধ দেওয়া হয়েছে। ৩ অক্টোবর শনিবার সাজেকের শিয়ালদহপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন ফারুকীর নির্দেশনায় এ চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হয়।
মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা দেন ৫৪ বিজিবির মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. হাসান ইমাম, এএমসি। ক্যাম্পে দুর্গম এলাকার স্থানীয় অসুস্থ ও দরিদ্র মানুষের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ এবং বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়।
চিকিৎসাসেবা নিতে আসা স্থানীয় বাসিন্দা অলকা রানী ত্রিপুরা, থাইমন্টি ত্রিপুরা, মনির ত্রিপুরা ও কাকোন্তি ত্রিপুরা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় কেউ অসুস্থ হলে চিকিৎসার জন্য অনেক দূরে যেতে হয়। বিজিবির চিকিৎসক এলাকায় এসে সেবা ও ওষুধ দেওয়ায় তাদের ভোগান্তি কমেছে বলে জানান তারা।
তারা এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা জানিয়ে বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সংশ্লিষ্টরা জানান, সীমান্ত এলাকার মানুষের পাশে থেকে স্বাস্থ্যসেবা ও বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর চেষ্টা করছে বিজিবি।
