মো. সোহেল রানা :
খাগড়াছড়ির দীঘিনালায় জাল নোটের প্রচলন ও লেনদেন রোধে জনসচেতনতা তৈরিতে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম সম্মেলন কক্ষে বাংলাদেশ সোনালী ব্যাংক পিএলসি, দীঘিনালা উপজেলা শাখার উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দীঘিনালা উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদাত হোসেন। এতে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক পিএলসি, রাঙামাটি অঞ্চলের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রিন্সিপাল মোহাম্মদ সাইফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী।
কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসির চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক রাকেশ দত্ত, সহকারী পরিচালক (ক্যাশ) মো. আরমান উল্লাহ চৌধুরী এবং দীঘিনালা শাখার ব্যবস্থাপক রূপায়ন চাকমা।
আলোচনায় ব্যাংক কর্মকর্তারা বলেন, নকল নোট শনাক্ত করার জন্য আগে আসল নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য সম্পর্কে ভালোভাবে জানতে হবে। আসল ও জাল নোটের পার্থক্য সম্পর্কে ধারণা থাকলে জাল নোট চিহ্নিত করা সহজ হয়।
তারা আরও জানান, জাল নোট সংরক্ষণ বা তা দিয়ে লেনদেন করা আইনত দণ্ডনীয় অপরাধ। তাই নোট গ্রহণ ও লেনদেনের সময় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়।
কর্মশালায় নগদ অর্থের পাশাপাশি ডিজিটাল লেনদেনে উৎসাহ দেওয়ার ওপরও গুরুত্ব দেওয়া হয়। ব্যাংক কর্মকর্তারা বলেন, বেতন, বোনাস, ভাতা, ব্যবসায়িক লেনদেনসহ দৈনন্দিন বিভিন্ন আর্থিক কার্যক্রম কিউআর কোড ও মোবাইল অ্যাপের মাধ্যমে সম্পন্ন করা সম্ভব। এতে নগদ অর্থ বহনের ঝুঁকি কমার পাশাপাশি লেনদেনের নিরাপত্তা বাড়তে পারে।
কর্মশালায় সরকারি কর্মকর্তা, ব্যাংকসংশ্লিষ্ট ব্যক্তি, ব্যবসায়ী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
