খাগড়াছড়ি সদর হাসপাতালে স্বাস্থ্যসেবা নিয়ে গণশুনানি

খাগড়াছড়ি স্বাস্থ্য

নাঈমুল ইসলাম ভূইয়া :

খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং রোগীদের বিভিন্ন সমস্যা ও সেবার ঘাটতি চিহ্নিত করে সমাধানের লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর বুধবার হাসপাতাল প্রাঙ্গণে এ গণশুনানির আয়োজন করা হয়।

সচেতন নাগরিক কমিটি (সনাক), খাগড়াছড়ির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে হাসপাতাল থেকে সেবা নিতে গিয়ে নাগরিকদের অভিজ্ঞতা, অভিযোগ ও প্রত্যাশার বিষয়গুলো তুলে ধরার সুযোগ দেওয়া হয়। একই সঙ্গে স্বাস্থ্যসেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।

গণশুনানিতে খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. রতন খীসা, খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রিপল বাপ্পি, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য কোহেলী দেওয়ান ও তাছলিমা সিরাজ সিমা উপস্থিত ছিলেন। এ ছাড়া সনাকের সভাপতি এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনায় হাসপাতালের সেবাগ্রহীতাদের নানা সমস্যা ও বাস্তব অভিজ্ঞতা উঠে আসে। রোগী ও স্বজনদের হয়রানি কমানো, সেবার মান বাড়ানো, চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতা নিশ্চিত করা এবং হাসপাতাল ব্যবস্থাপনায় আরও স্বচ্ছতা আনার বিষয়ে বিভিন্ন মতামত ও পরামর্শ দেওয়া হয়।

বক্তারা বলেন, সরকারি হাসপাতাল থেকে সাধারণ মানুষ যাতে সহজে ও মানসম্মত চিকিৎসাসেবা পান, তা নিশ্চিত করতে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের পাশাপাশি নাগরিক সমাজেরও দায়িত্ব রয়েছে। রোগী ও সেবাগ্রহীতাদের অভিযোগ সরাসরি শোনার মাধ্যমে বিদ্যমান সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করা এবং সমাধানের উদ্যোগ নেওয়া সম্ভব।

গণশুনানিতে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও নাগরিকদের মধ্যে সমন্বয় জোরদারের ওপরও গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সেবার মান উন্নয়নে কার্যকর জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

সনাক, খাগড়াছড়ির উদ্যোগে অনুষ্ঠিত এ গণশুনানিতে হাসপাতালের স্বাস্থ্যসেবাকে আরও জনবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার লক্ষ্যে বিভিন্ন সুপারিশ ও মতামত তুলে ধরেন অংশগ্রহণকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *