খাগড়াছড়িতে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ

খাগড়াছড়ি অপরাধ 🏛️ রাজনীতি

নাঈমুল ইসলাম ভূইয়া :

খাগড়াছড়ি আদালত প্রাঙ্গণের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জেলা যুবদল। ২২ সেপ্টেম্বর মঙ্গলবার আয়োজিত এ কর্মসূচিতে জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে বক্তারা আদালত প্রাঙ্গণের মতো গুরুত্বপূর্ণ স্থানে বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াসিম।

বক্তারা অভিযোগ করেন, কোনো রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতা বা সহিংসতার মাধ্যমে জনমনে আতঙ্ক তৈরি করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা গ্রহণযোগ্য নয়। তারা রাজনৈতিক বিরোধ শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে মোকাবিলার আহ্বান জানান।

সমাবেশ শেষে জেলা যুবদলের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নির্ধারিত স্থানে এসে শেষ হয়। এ সময় তারা নাশকতা ও সহিংসতার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভকারীরা বলেন, আদালত প্রাঙ্গণের বিস্ফোরণের ঘটনার দ্রুত তদন্ত প্রয়োজন। একই সঙ্গে প্রকৃত ঘটনা উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি স্থানীয় পরিবেশ শান্ত রাখতে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *