জসীম উদ্দিন জয়নাল: প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শিক্ষার্থীদের মধ্যে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। ৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে এক হাজার চারা শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়।
খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া এমপির পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে এসব চারা বিতরণ করেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য নারায়ণ ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া, পৌর যুবদলের আহ্বায়ক গিয়াসউদ্দিন, মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক, বিএনপি নেতা শাহ আলমসহ উপজেলা, পৌর ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা। এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া বলেন, বৃহৎ পরিসরে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে ইতিবাচক প্রভাব পড়বে। শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিয়ে তাদের ছোটবেলা থেকেই পরিবেশ রক্ষায় সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম বলেন, গাছ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি মানুষের জীবন ও জীবিকার সঙ্গেও জড়িত। আগামী প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর যথাযথ পরিচর্যা প্রয়োজন।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য নারায়ণ ত্রিপুরা বলেন, পার্বত্যাঞ্চলের প্রাকৃতিক পরিবেশ ও বনসম্পদ রক্ষায় বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের এ কার্যক্রমে যুক্ত করা গেলে ভবিষ্যতে তারা পরিবেশ সংরক্ষণে আরও সচেতন ভূমিকা রাখতে পারবে।
মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল বলেন, ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মাটিরাঙ্গার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ অন্যান্য স্থানে চারা বিতরণ ও রোপণ কার্যক্রম অব্যাহত থাকবে। শিক্ষার্থীদের নিজেদের বাড়িতে বিতরণ করা চারাগুলো রোপণ করে নিয়মিত পরিচর্যা করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠান শেষে মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে মোট এক হাজার ফলজ ও বনজ গাছের চারা তুলে দেওয়া হয়।
