খাগড়াছড়িতে জুলাই শহীদ দিবস পালন ও বন্যা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ি 🏛️ রাজনীতি

আরিফুল ইসলাম মহিন : জুলাই শহীদ দিবস উপলক্ষে খাগড়াছড়িতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা এবং সাম্প্রতিক অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুলাই বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি সরকারি কলেজ প্রাঙ্গণে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়।

জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জুলাই আন্দোলনের নিহতদের প্রতি শ্রদ্ধা জানান।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঞা এমপি।

আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনে নিহতদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের স্মৃতি সংরক্ষণ, গণতান্ত্রিক মূল্যবোধ, মানবিকতা ও দায়িত্বশীল নাগরিক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

পরে দুপুরে খাগড়াছড়ি সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জেলার সাম্প্রতিক অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি নিয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি, চলমান ত্রাণ কার্যক্রম, পুনর্বাসন পরিকল্পনা এবং দুর্যোগ-পরবর্তী করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা ক্ষয়ক্ষতির হালনাগাদ তথ্য উপস্থাপন করেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়ার পাশাপাশি পুনর্বাসন কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *