
ছানোয়ার হোসেন : জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উপলক্ষে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে। ২৯ এপ্রিল বুধবার সকাল ১১টায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং মহালছড়ি উপজেলা স্বাস্থ্য বিভাগের বাস্তবায়নে মহালছড়ি সরকারি আবাসিক প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ধনিষ্ঠা চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি সরকারি আবাসিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া আক্তার এবং মহালছড়ি উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. ছানোয়ার হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর মো. মনজুরুল ইসলাম।
এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সমাপনী অনুষ্ঠানে জাতীয় পুষ্টি সপ্তাহের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। বক্তারা সুষম খাদ্য গ্রহণ, শিশু ও মাতৃ পুষ্টি নিশ্চিতকরণ, অপুষ্টি প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সুস্থ ও কর্মক্ষম জাতি গঠনে পুষ্টির কোনো বিকল্প নেই।
সপ্তাহব্যাপী ২৩ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতা—রচনা, চিত্রাঙ্কন ও পুষ্টিবিষয়ক কুইজে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মহালছড়ি শিশু মঞ্চ উচ্চ বিদ্যালয় ও মহালছড়ি সরকারি আবাসিক প্রাথমিক বিদ্যালয়ের ৬ জন করে মোট ১২ জন শিক্ষার্থীকে এ সময় পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :