মহালছড়িতে সম্প্রীতি কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মহালছড়ি ⚽ খেলাধুলা খাগড়াছড়ি পরিবেশ

ছানোয়ার হোসেন: পাহাড়ে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন জোরদারের লক্ষ্যে খাগড়াছড়ির মহালছড়িতে শুরু হয়েছে ‘সম্প্রীতি কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। ৬ সেপ্টেম্বর রোববার মহালছড়ি স্টেডিয়ামে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

মহালছড়ি জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আল-জাবির আসিফ, পিএসসির আমন্ত্রণে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা। এ সময় সেনাবাহিনীর কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধি, খেলোয়াড়, কোচ, টিম ম্যানেজার ও বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে বিভিন্ন সম্প্রদায়ের খেলোয়াড়দের অংশগ্রহণে মহালছড়িতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। মোট ১৬টি দল প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

টুর্নামেন্টের উদ্বোধনী আয়োজনে পরিবেশ রক্ষার বিষয়টিও গুরুত্ব পায়। সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে অংশগ্রহণকারী ১৬ দলের খেলোয়াড়, কোচ ও টিম ম্যানেজারদের হাতে গাছের চারা তুলে দেওয়া হয়। খেলাধুলার পাশাপাশি বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে তরুণদের উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকরা জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে পাহাড়ের বৈচিত্র্যময় সংস্কৃতি তুলে ধরে সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির ক্ষুদে শিল্পীরা পাহাড়ের ঐতিহ্য ও সংস্কৃতিনির্ভর নৃত্য পরিবেশন করেন। তাদের পরিবেশনায় অনুষ্ঠানটি আরও বর্ণিল হয়ে ওঠে।

আয়োজকরা জানান, টুর্নামেন্টটির মূল লক্ষ্য শুধু ফুটবল প্রতিযোগিতা নয়, খেলাধুলার মাধ্যমে বিভিন্ন সম্প্রদায়ের তরুণদের একত্রিত করে পারস্পরিক আস্থা ও সম্প্রীতির পরিবেশ তৈরি করা। একই সঙ্গে তরুণদের সুস্থ বিনোদন ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাও এ আয়োজনের উদ্দেশ্য।

উদ্বোধনী ম্যাচে মানিকছড়ি মুসলিমপাড়া স্পোর্টিং ক্লাব ১-০ গোলে মুড়াপাড়া একতা সংঘকে পরাজিত করে। একমাত্র গোলের মাধ্যমে ম্যাচের জয় নিশ্চিত করে মানিকছড়ি মুসলিমপাড়া স্পোর্টিং ক্লাব।

১৬ দলের অংশগ্রহণে টুর্নামেন্টকে ঘিরে মহালছড়ির ক্রীড়াঙ্গনে ইতোমধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *