মহালছড়িতে বিদ্যুতের তার ছিঁড়ে ৩ গরুর মৃত্যু

খাগড়াছড়ি পরিবেশ মহালছড়ি

ছানোয়ার হোসেন: খাগড়াছড়ির মহালছড়িতে বিদ্যুৎ সঞ্চালন লাইনের তার ছিঁড়ে গোয়ালঘরের ওপর পড়ে আগুন লাগার ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনটি গরুর মৃত্যু হয়েছে। ৬ সেপ্টেম্বর রোববার সকালে মহালছড়ি সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শান্তিনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, হঠাৎ ১১ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনের একটি তার ছিঁড়ে গোয়ালঘরের ওপর পড়ে। এতে আগুনের সূত্রপাত হলে গোয়ালঘরে থাকা গরুগুলো বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

নিহত তিনটি গরু ছিল দিনমজুর মো. সুমার আলীর পরিবারের আয়ের অন্যতম প্রধান উৎস। গরুগুলো হারিয়ে পরিবারটি আর্থিকভাবে চরম সংকটে পড়েছে।

ঘটনার খবর পেয়ে মহালছড়ি উপজেলা বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী মো. মোখলেছার রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, কোনো বস্তু পড়ে বিদ্যুৎ লাইনে ব্লাস্ট হওয়ার পর শর্টসার্কিট থেকে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ চলছে। প্রয়োজনীয় কাজ শেষ হলে এলাকায় পুনরায় বিদ্যুৎ সংযোগ চালু করা হবে।

এদিকে, দুর্ঘটনায় তিনটি গরু হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে সরকারি উদ্যোগে পরিবারটিকে পুনর্বাসন ও উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *