লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

খাগড়াছড়ি লক্ষ্মীছড়ি স্বাস্থ্য

মোবারক হোসেন: খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে দুর্গম এলাকার মানুষের জরুরি স্বাস্থ্যসেবার সক্ষমতা বাড়াতে আয়োজিত ১৫ দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ শেষ হয়েছে। ১৮ আগস্ট মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র ও প্রয়োজনীয় চিকিৎসা উপকরণ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলাম। এ সময় জোনের উপ-অধিনায়ক মেজর রাজু হোসাইন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মো. ফোরকান হাওলাদার, আরএমও ডা. সাইদুল ইসলাম সোহেলসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, গত ২ আগস্ট উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ২০ জন নারী-পুরুষ এ প্রশিক্ষণে অংশ নেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিশেষজ্ঞ চিকিৎসক ও বাংলাদেশ সেনাবাহিনীর চিকিৎসকদের তত্ত্বাবধানে প্রশিক্ষণার্থীদের ব্যবহারিকভাবে জরুরি চিকিৎসার বিভিন্ন কৌশল শেখানো হয়।

প্রশিক্ষণে তীব্র রক্তক্ষরণ নিয়ন্ত্রণ, জখমের প্রাথমিক চিকিৎসা, হাড় ভাঙা ও শারীরিক আঘাতের জরুরি ব্যবস্থাপনা, সাপের কামড়, অগ্নিকাণ্ড ও পানিতে ডুবে যাওয়ার ঘটনায় জীবনরক্ষাকারী পদক্ষেপ, অচেতন রোগীর শ্বাস-প্রশ্বাস সচল রাখা এবং নিরাপদে হাসপাতালে স্থানান্তরের কৌশল শেখানো হয়েছে।

লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলাম বলেন, দুর্গম এলাকায় জরুরি মুহূর্তে দ্রুত হাসপাতালে পৌঁছানো অনেক সময় সম্ভব হয় না। তাই স্থানীয় পর্যায়ে প্রশিক্ষিত স্বেচ্ছাসেবীদের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করা গেলে দুর্ঘটনা ও জরুরি পরিস্থিতিতে প্রাণহানির ঝুঁকি কমানো সম্ভব হবে।

তিনি বলেন, প্রশিক্ষণপ্রাপ্তরা নিজ নিজ এলাকায় জরুরি অবস্থায় প্রাথমিক চিকিৎসা দেওয়ার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে পারবেন।

লক্ষ্মীছড়ি জোনের ক্যাপ্টেন মো. সাব্বির হোসেন (আরএমও) জানান, প্রশিক্ষণে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা এবং প্রাথমিক চিকিৎসার বিভিন্ন বিষয়ে ধারণা দেওয়া হয়েছে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা স্থানীয় পর্যায়ে জরুরি স্বাস্থ্য সমস্যায় প্রাথমিক সহায়তা দিতে সক্ষম হবেন বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *