গুইমারায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ

খাগড়াছড়ি অপরাধ গুইমারা

প্রতিনিধি: মাদকবিরোধী জনসচেতনতা বাড়াতে খাগড়াছড়ির গুইমারায় র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৭ আগস্ট সোমবার বিকেল ৪টায় ‘মাদককে না বলুন, মাদকমুক্ত সমাজ গড়ুন’ প্রতিপাদ্যে গুইমারা থানা পুলিশের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি ও রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ওবাইন। অনুষ্ঠানে বক্তব্য দেন গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ এবং উপজেলা জামায়াতের আমির ডা. মো. রফিকুল ইসলাম।

র‍্যালিটি গুইমারা উপজেলা বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গুইমারা বাজারে এসে শেষ হয়। এতে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, মাদকের বিস্তার তরুণ সমাজের জন্য বড় হুমকি হয়ে উঠেছে। মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পরিবার, সমাজ, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে একযোগে কাজ করতে হবে।

তারা আরও বলেন, এলাকায় মাদকসংক্রান্ত কোনো তথ্য পাওয়া গেলে দ্রুত পুলিশকে জানাতে হবে। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতাও প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *