আদিবাসী স্বীকৃতির দাবির প্রতিবাদে ১০ আগস্ট ঢাকায় পিসিএনপির বিক্ষোভ

পার্বত্য চট্টগ্রাম ব্রেকিং নিউজ

প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রামে বসবাসরত নাগরিকদের সমঅধিকার নিশ্চিত এবং ‘আদিবাসী’ স্বীকৃতির দাবির প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)। ১০ আগস্ট সোমবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। পিসিএনপির সহযোগী সংগঠন মহিলা পরিষদ, যুব পরিষদ ও ছাত্র পরিষদও কর্মসূচিতে অংশ নেবে।

আয়োজকদের দাবি, পার্বত্য চট্টগ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের ‘আদিবাসী’ স্বীকৃতির দাবির অন্তরালে দেশবিরোধী ষড়যন্ত্র চলছে। তারা এ ধরনের কর্মকাণ্ডের প্রতিবাদ এবং পার্বত্য অঞ্চলের সব নাগরিকের সাংবিধানিক ও সমঅধিকার নিশ্চিতের দাবিতে এ কর্মসূচির আয়োজন করেছে।

সংগঠনটি জানায়, আয়কর মওকুফ, শিক্ষা, চাকরি, ব্যবসাসহ বিভিন্ন ক্ষেত্রে উপজাতি ও বাঙালি নাগরিকদের জন্য সমান সুযোগ নিশ্চিত করার দাবিও সমাবেশে তুলে ধরা হবে।

‘কেউ নয় আদিবাসী, আমরা সবাই বাংলাদেশী’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে পার্বত্য চট্টগ্রামের বর্তমান পরিস্থিতি, আয়কর ব্যবস্থায় বৈষম্য দূর করা এবং সব নাগরিকের জন্য সমান অধিকার প্রতিষ্ঠাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও দাবি তুলে ধরবেন বক্তারা।

পিসিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মসূচিতে গণমাধ্যমকর্মীদের উপস্থিত থেকে সংবাদ সংগ্রহ ও প্রচারের জন্য অনুরোধ জানানো হয়েছে।

কর্মসূচির বিস্তারিত:
কর্মসূচি: বিক্ষোভ সমাবেশ
তারিখ: ১০ আগস্ট ২০২৬, সোমবার
সময়: সকাল ১০টা
স্থান: জাতীয় প্রেসক্লাবের সামনে, ঢাকা
আয়োজক: পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *