পানছড়িতে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় সমন্বয় সভা


admin প্রকাশের সময় : মার্চ ৫, ২০২৬, ৬:৩০ পূর্বাহ্ন /
  পানছড়িতে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় সমন্বয় সভা

প্রতিনিধি: খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় সমন্বিত উদ্যোগ জোরদারের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় মঙ্গলবার দুপুরে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্র্যাক স্বাস্থ্য প্রোগ্রাম পানছড়ির প্রতিনিধি মোঃ সাজ্জাদ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা।
আলোচনায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন কেবল পরিবেশগত সমস্যা নয়; এটি সরাসরি জনস্বাস্থ্যের ওপর প্রভাব ফেলছে। তাপমাত্রা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টিপাত, দীর্ঘস্থায়ী বন্যা ও খরার মতো প্রাকৃতিক দুর্যোগের কারণে পানিবাহিত ও ভেক্টর-বাহিত রোগের ঝুঁকি বাড়ছে। বিশেষ করে ম্যালেরিয়া ও ডেঙ্গুসহ এডিস বাহিত রোগের বিস্তার জনস্বাস্থ্য ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে।
বক্তারা তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, দুর্যোগপ্রবণ এলাকায় স্বাস্থ্যসেবা অব্যাহত রাখা, স্বাস্থ্য অবকাঠামোর উন্নয়ন এবং প্রশিক্ষিত জনবল বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সরকারি-বেসরকারি সংস্থাগুলোর সমন্বিত কার্যক্রম জোরদারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন ডা. প্রিতম চাকমা, ডা. ফজলুল বারী জিহান, ডা. নীতি চাকমা, ব্র্যাক খাগড়াছড়ির জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মকর্তা রোমিও আফরিন উপমা, সীমা চাকমা, ক্লিনিক এইড গ্রীন হিলের প্রতিনিধি, ব্র্যাকের ফিল্ড অর্গানাইজার সোহানি চাকমা ও ছোটন চাকমাসহ যুব রেড ক্রিসেন্ট, বিভিন্ন এনজিও ও স্বাস্থ্যসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
সভায় সিদ্ধান্ত হয়, জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও উন্নয়ন সংস্থাগুলোর সমন্বিত প্রচেষ্টা আরও জোরদার করা হবে এবং জনগণকে সম্পৃক্ত করে প্রতিরোধমূলক কার্যক্রম বেগবান করা হবে।