মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

খাগড়াছড়ি মাটিরাঙ্গা 🎓 শিক্ষা

জসীম উদ্দিন জয়নাল : খাগড়াছড়ির মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১৫ জুলাই বুধবার সকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী পরিচালিত কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।

কেন্দ্রীয় কর্মসূচির উদ্বোধনের পর স্থানীয়ভাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীতি পিয়া।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, উপজেলা রিসোর্স কর্মকর্তা মো. আসগর হোসেন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা ঝর্ণা চাকমা, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আরিফুল ইসলাম, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম পাটোয়ারী, পৌর বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক বাদশা মিয়া, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি আবদুল মালেক, বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের গাছ লাগানো ও পরিবেশ সংরক্ষণে উৎসাহিত করবে।

কর্মসূচি শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কার্যক্রমকে আরও এগিয়ে নিতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *