জসীম উদ্দিন জয়নাল : খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পাড়াকেন্দ্রে অধ্যয়নরত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীতের মৌসুমে শিশুদের উষ্ণতা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়। ১৬ নভেম্বর সোমবার দুপুরে উপজেলার তপ্ত মাস্টার পাড়াকেন্দ্রে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে পাড়াকেন্দ্রে ভর্তি হওয়া শিক্ষার্থীদের হাতে শীতের পোশাক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের হাতে শীতবস্ত্র তুলে দেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতু।
এ সময় উপস্থিত ছিলেন টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের উপজেলা প্রকল্প ব্যবস্থাপক টিটুন চাকমা, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল, সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, সহকারী প্রকল্প ব্যবস্থাপক অজিত ময় চাকমা, তপ্ত মাস্টার পাড়াকেন্দ্রের পিসিএমসি কমিটির সভাপতি তপ্ত বিকাশ ত্রিপুরা, মাঠ সংগঠক ফুলরাণী চাকমা, আনিকা চাকমা ও পলি ত্রিপুরা এবং পাড়াকর্মী বেনুকা ত্রিপুরা। এ ছাড়া শিশুদের অভিভাবক ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও উম্মে তাহমিনা মিতু বলেন, শীতকালে শিশুদের উষ্ণতা ও সুস্থতা নিশ্চিত করা জরুরি। তাদের শিক্ষা ও সার্বিক বিকাশের পাশাপাশি মৌলিক চাহিদা পূরণেও সবাইকে এগিয়ে আসতে হবে। এ ধরনের মানবিক উদ্যোগ শিশুদের কল্যাণে সহায়ক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি শিশুদের নিয়মিত পাড়াকেন্দ্রে এসে পড়াশোনা করার আহ্বান জানান। পাশাপাশি সন্তানদের শিক্ষা, স্বাস্থ্য ও যত্নের বিষয়ে অভিভাবকদের আরও সচেতন হওয়ার পরামর্শ দেন।
এ সময় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার ওপর গুরুত্বারোপ করে ইউএনও বলেন, ডেঙ্গু থেকে সুরক্ষিত থাকতে বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং ঘুমানোর সময় মশারি ব্যবহার করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
