প্রতিনিধি: দারিদ্র্েযর বাধা পেরিয়ে উচ্চশিক্ষা অর্জনের স্বপ্ন দেখা মেধাবী শিক্ষার্থী সুপ্রকাশ ত্রিপুরার পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ ও পড়াশোনা চালিয়ে যেতে প্রাথমিকভাবে তাকে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছে খাগড়াছড়ি সদর জোন।
খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার কারিগর পাড়ার বাসিন্দা সুপ্রকাশ ত্রিপুরা। তার বাবা হিরেন্দ্রলাল ত্রিপুরা পেশায় একজন দিনমজুর। সুপ্রকাশ পানছড়ি মডেল স্কুল থেকে এসএসসি এবং খাগড়াছড়ি সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিতে সে ঢাকার মোহাম্মদপুরে অবস্থান করছে।
তবে পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে তার উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। সুপ্রকাশের বাবা দৈনিক ৪০০ টাকা মজুরিতে কাজ করে সংসারের ব্যয় নির্বাহ করেন। সীমিত আয়ে ছেলের ভর্তি পরীক্ষার প্রস্তুতি, যাতায়াত ও অন্যান্য প্রয়োজনীয় খরচ বহন করা পরিবারের জন্য কঠিন হয়ে পড়েছিল।
এমন পরিস্থিতিতে বিষয়টি খাগড়াছড়ি রিজিয়নের অধীন খাগড়াছড়ি সদর জোনের নজরে এলে তার সহযোগিতায় এগিয়ে আসে সেনাবাহিনী। এর অংশ হিসেবে প্রাথমিক পর্যায়ে সুপ্রকাশের বাবা হিরেন্দ্রলাল ত্রিপুরার হাতে নগদ ২৫ হাজার টাকা তুলে দেওয়া হয়। পাশাপাশি সুপ্রকাশের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ ও পড়াশোনা অব্যাহত রাখার প্রয়োজনীয় ব্যয়ভার বহনের উদ্যোগ নেওয়া হয়েছে।
সেনাবাহিনীর এ সহযোগিতায় সুপ্রকাশের উচ্চশিক্ষার স্বপ্ন এগিয়ে নেওয়ার পথ কিছুটা সহজ হবে বলে আশা করা হচ্ছে। আর্থিক সীমাবদ্ধতার কারণে মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনা যেন বাধাগ্রস্ত না হয়, সে ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও আর্থসামাজিক উন্নয়নসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। সুপ্রকাশের মতো মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের সহযোগিতার উদ্যোগ স্থানীয় পর্যায়ে শিক্ষার প্রসার এবং উচ্চশিক্ষায় আগ্রহ বাড়াতে সহায়ক হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
