প্রতিনিধি : খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের চিকিৎসক সংকট, রোগীদের খাবারের মান, শয্যাস্বল্পতা ও চিকিৎসা সরঞ্জামের ঘাটতিসহ বিভিন্ন সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন হাসপাতালসংশ্লিষ্ট অংশীজনেরা। এসব সীমাবদ্ধতা দূর করে স্বাস্থ্যসেবার মান বাড়ানোর লক্ষ্যে খাগড়াছড়িতে একটি অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের সম্মেলন কক্ষে জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও জাবারাং কল্যাণ সমিতির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে বাংলাদেশ হেলথ ওয়াচ। ‘স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চাই সততা, জবাবদিহিতা ও অংশগ্রহণ’ প্রতিপাদ্যে আয়োজিত সভায় হাসপাতালের বিদ্যমান সমস্যা ও সেগুলোর সমাধানের উপায় নিয়ে আলোচনা হয়।
জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সহসভাপতি অংপ্রু মারমার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা স্বাস্থ্য বিভাগের আহ্বায়ক তাছলিমা সিরাজ সিমা।
সভায় আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. রিপল বাপ্পি চাকমা, জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা এবং বাংলাদেশ হেলথ ওয়াচের প্রোগ্রাম ম্যানেজার রাজেশ অধিকারীসহ হাসপাতালসংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের অংশীজনেরা।
আলোচনায় বক্তারা বলেন, মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে শুধু অবকাঠামোগত উন্নয়ন যথেষ্ট নয়। এর পাশাপাশি পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ, শয্যাসংখ্যা বৃদ্ধি এবং রোগীদের জন্য মানসম্মত খাবার ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি।
তাঁরা আরও বলেন, সরকারি হাসপাতালে সেবার মান বাড়াতে চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী, রোগী ও তাঁদের স্বজনদের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর অংশগ্রহণ প্রয়োজন। স্বাস্থ্যসেবার প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা, সততা ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে সাধারণ মানুষের চিকিৎসাসেবা পাওয়ার অধিকার আরও সুরক্ষিত হবে।
সভায় হাসপাতালের বিদ্যমান সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া, স্বাস্থ্যসেবার মান নিয়মিত পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি সেবার মানোন্নয়নে অংশীজনদের বিভিন্ন মতামত ও সুপারিশ তুলে ধরা হয়।
