সোহেল রানা: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের পাকুজাছড়া গ্রামের প্রায় চার হাজার মানুষের নদী পারাপারের দুর্ভোগ কমাতে বাঁশের সাঁকো নির্মাণ করে দিয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি)। উপজেলা আনসার-ভিডিপি কার্যালয়ের দিকনির্দেশনায় বেতছড়ি ২ নম্বর হিল ভিডিপি প্লাটুনের সদস্যরা এ উদ্যোগ বাস্তবায়ন করেন।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ৮টা থেকে সাঁকো নির্মাণের কাজ শুরু করেন বাহিনীর সদস্যরা। বেতছড়ি ২ নম্বর হিল ভিডিপি প্লাটুনের এপিসি মো. খোরশেদ আলম এ কাজে নেতৃত্ব দেন। নির্মাণকাজে স্থানীয় বাসিন্দারাও অর্থ ও শ্রম দিয়ে সহযোগিতা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পাকুজাছড়া গ্রামের মানুষের যাতায়াতের অন্যতম প্রধান বাধা একটি নদী। বর্ষাকালে নৌকায় এবং শুষ্ক মৌসুমে পানি কমে গেলে হেঁটে নদী পার হতে হয় তাঁদের। এতে শিক্ষার্থী, রোগীসহ সাধারণ মানুষকে নিয়মিত দুর্ভোগে পড়তে হয়। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থীদের যাতায়াতে ভোগান্তি তৈরি হয়।
গ্রামের কারবারি লক্ষ্মী কুমার বলেন, প্রতিবছর স্থানীয় বাসিন্দাদের নিজেদের অর্থায়নে এ স্থানে অস্থায়ী বাঁশের সাঁকো তৈরি করতে হয়। এতে মানুষ ও মালামাল পারাপারে নানা সমস্যার মুখোমুখি হতে হয়।
স্থানীয় বাসিন্দা উত্তম কুমার বলেন, নদী পারাপারে তাঁদের দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে। অসুস্থ রোগীদের নিয়ে যাতায়াত করাও কঠিন হয়ে পড়ে। শিক্ষার্থীদের প্রতিদিন ভোগান্তি নিয়ে নদী পার হয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হয়।
মৃণালী চাকমা বলেন, তাঁরা এলাকায় একটি স্থায়ী সেতু চান। দীর্ঘদিনের দুর্ভোগ বিবেচনায় নিয়ে সরকারের কাছে সেখানে সেতু নির্মাণের উদ্যোগ নেওয়ার দাবি জানান তিনি।
আরেক বাসিন্দা পাথর মনি চাকমা বলেন, শিশুদের প্রতিদিন বাঁশের সাঁকো পার হয়ে স্কুলে যেতে হয়। এতে দুর্ঘটনার আশঙ্কা থাকে এবং অভিভাবকদের দুশ্চিন্তায় থাকতে হয়।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোস্তাকিমুল হক বলেন, আনসার-ভিডিপি সদস্যরা নিয়মিত জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশ নেন। বাহিনীর প্রধানের দিকনির্দেশনায় উন্নয়নমূলক কাজ ও দুর্যোগ পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানো হয়। এরই ধারাবাহিকতায় পাকুজাছড়া গ্রামের মানুষের চলাচলের সুবিধার্থে অস্থায়ী বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয়দের প্রত্যাশা, অস্থায়ী বাঁশের সাঁকোর পরিবর্তে পাকুজাছড়া নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মাণ করা হলে প্রায় চার হাজার মানুষের দীর্ঘদিনের যাতায়াত সমস্যা দূর হবে।
