মহালছড়ির দুর্গম পাহাড়ে ৩০০ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল সেনাবাহিনী

খাগড়াছড়ি চিকিৎসা মহালছড়ি স্বাস্থ্য

ছানোয়ার হোসেন: শীতের শুরুতেই পাহাড়ি এলাকায় ঠান্ডাজনিত বিভিন্ন রোগের প্রকোপ বাড়তে শুরু করেছে। বিশেষ করে দুর্গম এলাকার শিশু, নারী ও বয়স্করা এসব রোগে বেশি ভোগান্তিতে পড়ছেন। এমন পরিস্থিতিতে খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন বাংলাদেশ সেনাবাহিনীর মহালছড়ি জোনের উদ্যোগে দুর্গম পশ্চিম জয়সেন পাড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।
১৬ নভেম্বর সোমবার দিনব্যাপী আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে প্রায় ৩০০ পাহাড়ি ও বাঙালি নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসা, স্বাস্থ্যবিষয়ক পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।
মেডিকেল ক্যাম্পটি পরিদর্শন করেন মহালছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আল জাবির আসিফ। এ সময় তিনি চিকিৎসা নিতে আসা রোগীদের খোঁজখবর নেন, তাঁদের সঙ্গে কথা বলেন এবং শিশুদের সঙ্গে সময় কাটান। পাশাপাশি ক্যাম্পের সার্বিক কার্যক্রমও পর্যবেক্ষণ করেন।
মহালছড়ি জোনের আরএমও ক্যাপ্টেন আজিমুর রহমান জানান, দুর্গম পাহাড়ি এলাকার মানুষ যেন শীতজনিত রোগসহ বিভিন্ন অসুস্থতায় প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও দুর্গম এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা থাকবে।
৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের গাইনি রোগ বিশেষজ্ঞ মেজর ফারহানা শারমিন বলেন, মেডিকেল ক্যাম্পে আসা রোগীদের মধ্যে নারী ও শিশুদের ঠান্ডাজনিত রোগের সমস্যা বেশি দেখা গেছে। রোগীদের শারীরিক অবস্থা অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ দেওয়া হচ্ছে। দুর্গম এলাকার মানুষের স্বাস্থ্যসেবায় এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার কথাও জানান তিনি।
শীত মৌসুমে দুর্গম পাহাড়ি এলাকায় চিকিৎসাসেবা পাওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে। এমন সময়ে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণের এ উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পেতে সহায়তা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *