মহালছড়িতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

🎓 শিক্ষা অপরাধ খাগড়াছড়ি মহালছড়ি 🏛️ রাজনীতি

ছানোয়ার হোসেন :

“সবাই মিলে গড়ব দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মহালছড়িতে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১১ নভেম্বর  বুধবার  উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, রাঙামাটির সহযোগিতায় মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপুল বিকাশ খীসার মডারেটর হিসেবে দায়িত্ব পালনে এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. শাহজাহান পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুইহ্লাঅং রাখাইন (পিপলু)।

প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের বিষয় ছিল—‘রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের জবাবদিহিতা ও স্বচ্ছতাই দুর্নীতিমুক্ত সমাজ গড়ার প্রধান শর্ত’। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ পর্বে পক্ষ দল হিসেবে মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় বিজয়ী এবং বিপক্ষ দল হিসেবে মাইসছড়ি উচ্চ বিদ্যালয় রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। শিক্ষার্থীদের যুক্তি, বিশ্লেষণ ও বক্তব্য উপস্থাপনা উপস্থিত অতিথিদের মুগ্ধ করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ছানোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম বকুল এবং প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিক। এ ছাড়া বিচারকমণ্ডলী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সচিবসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বিজয়ী ও রানার্সআপ দল, শ্রেষ্ঠ বক্তা এবং প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও দুর্নীতিবিরোধী সচেতনতা গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যৎ প্রজন্মকে দুর্নীতিমুক্ত ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *