পানছড়িতে বন্যাকবলিত পরিবারের মাঝে বিজিবির শুকনো খাবার বিতরণ

খাগড়াছড়ি পানছড়ি

আরিফুল ইসলাম মহিন : বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের সহায়তায় খাগড়াছড়ির পানছড়ি উপজেলার তালুকদার পাড়ায় শুকনো খাবার বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ১৫ জুলাই বুধবার ৩ বিজিবির লোগাং জোনের উদ্যোগে বন্যাকবলিত পরিবারের মাঝে এ মানবিক সহায়তা প্রদান করা হয়।

বেলা সাড়ে ১১টায় আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন লোগাং জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম এবং উপ-অধিনায়ক মেজর ইমরুল কায়েস। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে শুকনো খাবার তুলে দেন এবং তাদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

ত্রাণ বিতরণের পাশাপাশি বিজিবির কর্মকর্তারা বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগ সম্পর্কে অবগত হন এবং প্রয়োজনীয় সহায়তার বিষয়ে আশ্বাস প্রদান করেন।

লোগাং জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, দুর্যোগের সময় সাধারণ মানুষের পাশে দাঁড়ানো বিজিবির অন্যতম দায়িত্ব। মানবিক সহায়তার পাশাপাশি পার্বত্যাঞ্চলে শান্তি, নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ত্রাণ সহায়তা পেয়ে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেন এবং দুর্যোগের সময়ে দ্রুত সহায়তার হাত বাড়িয়ে দেওয়ায় বিজিবির প্রতি কৃতজ্ঞতা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *