প্রতিনিধি:
‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে পালিত হয়েছে ৫৫তম জাতীয় সমবায় দিবস। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, জাতীয় পতাকা উত্তোলন, বৃক্ষরোপণ ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।
৮ নভেম্বর রোববার সকালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে জাতীয় পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
এরপর বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা সমবায় কর্মকর্তা মুহাম্মদ মুজিব উর রহমান খাঁনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায় শুধু অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং সম্মিলিত উদ্যোগে স্বাবলম্বী হওয়ার একটি কার্যকর মাধ্যম। পারস্পরিক সহযোগিতা, আস্থা ও ঐক্যের ভিত্তিতে সমবায় আন্দোলনকে আরও এগিয়ে নিতে হবে।
তারা আরও বলেন, সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র সঞ্চয়কে বড় পুঁজিতে রূপান্তর করে কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং স্থানীয় অর্থনীতির উন্নয়ন সম্ভব। এ জন্য সমবায় সমিতিগুলোতে স্বচ্ছতা, জবাবদিহি ও সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।
অনুষ্ঠানে জেলার সাতটি শ্রেষ্ঠ সমবায় সমিতি এবং তিনজন শ্রেষ্ঠ সমবায়ী ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়।
এ সময় জেলা গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান ওয়েন চাকমাসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সমবায়ী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
