মাটিরাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

খাগড়াছড়ি অর্থনীতি মাটিরাঙ্গা

জসীম উদ্দিন জয়নাল :

‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নানা কর্মসূচির মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

৮ নভেম্বর রবিবার সকাল ৯টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের যৌথ উদ্যোগে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমবায় কর্মকর্তা থৈইউপ্রু মগের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুমেন চাকমা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহাবুদ্দীন আহমেদ, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি ও মাটিরাঙ্গা কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. শাহ জালাল কাজল, বাংলাদেশ জামায়াতে ইসলামী মাটিরাঙ্গা উপজেলা শাখার আমির মাওলানা আব্দুল জলিল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী এবং মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হারুন উর রশীদ।

সভাপতির বক্তব্যে উপজেলা সমবায় কর্মকর্তা থৈইউপ্রু মগ বলেন, সমবায় হচ্ছে সম্মিলিত প্রচেষ্টা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের অন্যতম মাধ্যম। ক্ষুদ্র সঞ্চয়কে কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের জীবনমান উন্নয়নে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ জন্য সমবায় সমিতিগুলোকে স্বচ্ছতা, জবাবদিহি ও নিয়মতান্ত্রিকভাবে পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে মো. শাহ জালাল কাজল বলেন, সমবায় আন্দোলনকে এগিয়ে নিতে সদস্যদের মধ্যে পারস্পরিক আস্থা, ঐক্য ও সহযোগিতা বাড়াতে হবে। সমবায়ের মাধ্যমে সাধারণ মানুষ স্বল্প পুঁজি নিয়ে সম্মিলিতভাবে ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ পান। মাটিরাঙ্গার সমবায় খাতকে আরও গতিশীল করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

প্রধান অতিথির বক্তব্যে ডা. সুমেন চাকমা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে সমবায়ের ভূমিকা গুরুত্বপূর্ণ। বিশেষ করে কৃষি, পশুপালন ও ক্ষুদ্র উদ্যোক্তা তৈরিতে সমবায় কার্যকর অবদান রাখতে পারে। প্রশিক্ষণ, আর্থিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সমবায়ভিত্তিক উদ্যোগ সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে সফল সমবায়ী হিসেবে মাটিরাঙ্গা কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. শাহ জালাল কাজল এবং মাটিরাঙ্গা আদর্শ ট্রাক ও মিনিট্রাক চালক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. সেলিমকে স্বীকৃতি দেওয়া হয়।

এ ছাড়া তিনটি সমবায় সমিতিকে শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে ঘোষণা করা হয়। সমিতিগুলো হলো—ত্রিপুরা য়াক বাকসা কো-অপারেটিভ ইউনিয়ন লিমিটেড, মাটিরাঙ্গা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এবং স্বদেশ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড।

একই অনুষ্ঠানে মাটিরাঙ্গা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের নিজস্ব তহবিল থেকে তিনজনকে গৃহনির্মাণ ও ক্ষুদ্র ব্যবসার জন্য ঋণ দেওয়া হয়। এর মধ্যে আলেয়া বেগমকে গৃহনির্মাণের জন্য ৮০ হাজার টাকা, চামেলী ত্রিপুরাকে ক্ষুদ্র ব্যবসার জন্য ৪০ হাজার টাকা এবং বরত রঞ্জন ত্রিপুরাকে ৩০ হাজার টাকা ঋণ প্রদান করা হয়।

আলোচনা সভা শেষে সফল সমবায়ী ও শ্রেষ্ঠ সমবায় সমিতির প্রতিনিধিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *