প্রতিনিধি:
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের চলমান পরিস্থিতি, স্থানীয় জনগণের সমস্যা ও জননিরাপত্তা নিয়ে হেডম্যান-কারবারিদের সঙ্গে মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান। ২৬ অক্টোবর সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদের মিনি সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ইউএনও আমেনা মারজান। এতে সাজেকের চলমান পরিস্থিতি, স্থানীয় মানুষের দুর্ভোগ এবং সংকট নিরসনে করণীয় নিয়ে আলোচনা হয়। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সংলাপের মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মজুমদার, সাজেক থানার ওসি তোফাজ্জল হোসেন, সরকারদলীয় জ্যেষ্ঠ নেতৃবৃন্দ এবং জেলা প্রশাসনের উদ্যোগে গঠিত তিন সদস্যের কমিটির সদস্যরা। কমিটির সদস্যরা হলেন ১০৬ নম্বর কামিলাছড়ি মৌজার হেডম্যান ভবতোষ দেওয়ান, ৩ নম্বর লংগদু মৌজার হেডম্যান কল্যাণ মিত্র চাকমা এবং বিলাইছড়ি উপজেলার ১২৪ নম্বর নাড়াইছড়ি মৌজার হেডম্যান শান্তি বিজয় চাকমা। এ ছাড়া বিভিন্ন এলাকার হেডম্যান-কারবারি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকেরা সভায় অংশ নেন।
সভায় জেলা প্রশাসনের গঠিত কমিটির সদস্যরা জানান, সাজেকে চলমান আন্দোলনের সঙ্গে কারবারি অ্যাসোসিয়েশনের কোনো সম্পৃক্ততা নেই।
অন্যদিকে, সভায় অংশ নেওয়া হেডম্যান ও কারবারিরা বলেন, সমস্যার সূত্রপাত সাজেককে কেন্দ্র করে হওয়ায় স্থায়ী সমাধানের জন্য ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সরাসরি আলোচনা করা প্রয়োজন।
তাঁরা আরও বলেন, পারস্পরিক আলোচনা, সংলাপ ও সমঝোতার মাধ্যমে পরিস্থিতির গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে সব পক্ষের বক্তব্যকে গুরুত্ব দিয়ে জননিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার ওপর জোর দেন তাঁরা।
সভায় সাজেকের অচলাবস্থা নিরসনে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো এবং কার্যকর আলোচনার মাধ্যমে সংকট সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।
