মাটিরাঙ্গা জোনের উদ্যোগে ৭ শতাধিক মানুষকে বিনা মূল্যে চিকিৎসাসেবা

মাটিরাঙ্গা খাগড়াছড়ি চিকিৎসা

জসীম উদ্দিন জয়নাল :

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাংলাদেশ সেনাবাহিনীর ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাটিরাঙ্গা জোনের উদ্যোগে সাত শতাধিক অসহায় ও দুস্থ পাহাড়ি-বাঙালিকে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়েছে। ২২ অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় জোনের আওতাধীন বাইল্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ চিকিৎসা কার্যক্রম শুরু হয়।

চিকিৎসা কার্যক্রমের উদ্বোধন করেন মাটিরাঙ্গা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খাঁন, পিএসসি। এ সময় বিভিন্ন এলাকা থেকে আসা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ এবং বিনা মূল্যে ওষুধ দেওয়া হয়।

চক্ষু, গাইনি, সার্জারি, মেডিসিন, ডায়াবেটিস ও অর্থোপেডিকসসহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকেরা এ কার্যক্রমে সেবা দেন। তাঁদের মধ্যে ছিলেন চক্ষু বিশেষজ্ঞ ডা. আব্দুল জলিল, গাইনি বিশেষজ্ঞ ডা. কামরুন্নাহার ডলি, সার্জারি বিশেষজ্ঞ ডা. নার্গিস আক্তার এবং মেডিসিন বিশেষজ্ঞ মেজর রায়হান ও ক্যাপ্টেন রাফিউল। এ ছাড়া ডায়াবেটিস ও অর্থোপেডিকস বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকেরাও রোগীদের পরামর্শ দেন।

এ সময় মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেল, পিএসসি, জোনাল স্টাফ অফিসার মেজর মো. সামিউল হকসহ সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

চিকিৎসাসেবা নিতে আসা তৈইকাতাং এলাকার সুনতি ত্রিপুরা বলেন, “ডাক্তার দেখানো ও ওষুধ কেনার সামর্থ্য অনেকেরই থাকে না। আজ সেনাবাহিনীর চিকিৎসকেরা আমাদের পরীক্ষা করেছেন এবং বিনা মূল্যে ওষুধ দিয়েছেন। এতে আমরা অনেক উপকৃত হয়েছি।”

জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খাঁন বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি পার্বত্য অঞ্চলের মানুষের কল্যাণেও কাজ করছে। পাহাড়ি-বাঙালি সব সম্প্রদায়ের মানুষের পাশে দাঁড়ানো এবং অসহায় ও দুস্থ মানুষের জীবনমান উন্নয়নে সহযোগিতা করা সেনাবাহিনীর দায়িত্বের অংশ।

তিনি আরও বলেন, আর্থিক অসচ্ছলতার কারণে কেউ যেন প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে স্থানীয় মানুষের পাশে থাকার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *