বাঘাইছড়িতে ভারতীয় পণ্যসহ মাহিন্দ্রা আটক দুই ব্যক্তি গ্রেপ্তার

অপরাধ রাঙামাটি

ইমরান হোসেন জুমান :

রাঙামাটির বাঘাইছড়িতে অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন পণ্যসহ নম্বরবিহীন একটি মাহিন্দ্রা গাড়ি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় গাড়িতে থাকা দুই ব্যক্তিকেও আটক করা হয়।

২০ অক্টোবর মঙ্গলবার বিকেল আনুমানিক ৫টার দিকে উপজেলার উদয়পুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সড়ক চেকপোস্টে এ অভিযান পরিচালনা করে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় চেকপোস্টে দায়িত্ব পালনরত নায়েক মো. সাখাওয়াত হোসেনের নেতৃত্বে বিজিবির তিন সদস্যের একটি দল উদয়পুর বাজার থেকে সাজেকগামী নম্বরবিহীন মাহিন্দ্রা গাড়িটিতে তল্লাশি চালায়। এ সময় গাড়ি থেকে ভারতীয় বিভিন্ন পণ্যসহ দুই ব্যক্তিকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার জামতলী গ্রামের নুরুল আজিমের ছেলে মো. বেলাল হোসেন (২৯) এবং একই উপজেলার উত্তর রসিক নগর গ্রামের সুরুজ আলীর ছেলে সেকেন্দার আলী (২৮)।

অভিযানে জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় কুল (Kool) জুস ৪৭৭ পিস, পিনাট ক্যান্ডি চকলেট ১৭৮ প্যাকেট এবং তেঁতুল সাবান ৭ পিস। পণ্য পরিবহনে ব্যবহৃত মাহিন্দ্রা গাড়িটিও আটক করা হয়েছে। জব্দ করা পণ্য ও গাড়ির মোট সিজার মূল্য ৩ লাখ ৭৯ হাজার ৬১৬ টাকা।

মারিশ্যা জোনের (২৭ বিজিবি) জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, জোনের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। চোরাকারবারিরা বিভিন্ন কৌশলে চোরাচালানের চেষ্টা করায় গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি আভিযানিক টহল অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *