ছানোয়ার হোসেন :
খাগড়াছড়ির মহালছড়িতে ৩ পার্বত্য জেলা সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এলএফজি সদস্যদের নিয়ে মুরগি পালন ও ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ৭ অক্টোবর বুধবার মহালছড়ি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ প্রশিক্ষণ দেওয়া হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুপর্ণা দে-এর সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জুলফিকার আলী। বিশেষ অতিথি ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জহিরুল হক এবং মহালছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ছানোয়ার হোসেন।
দিনব্যাপী প্রশিক্ষণ পরিচালনা করেন ৩ পার্বত্য জেলা সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের লাইভস্টক এক্সচেঞ্জ অফিসার (এলইও) ডা. কল্পনা চাকমা।
প্রশিক্ষণে মুরগির বিভিন্ন জাতের পরিচিতি, খামার ও খোঁয়াড় ব্যবস্থাপনা, খাদ্য সরবরাহ, স্বাস্থ্য সুরক্ষা এবং রোগ প্রতিরোধের বিভিন্ন কৌশল সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়। পাশাপাশি রোগের কারণ, লক্ষণ ও প্রতিকারসহ আধুনিক পদ্ধতিতে মুরগি পালনের নানা বিষয়ে ব্যবহারিক দিকনির্দেশনা দেওয়া হয়।
প্রশিক্ষণে বক্তারা বলেন, পার্বত্য এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক পরিবারের আয় বাড়াতে প্রাণিসম্পদ পালন কার্যকর ভূমিকা রাখতে পারে। পরিকল্পিতভাবে মুরগি পালন ও সঠিক পরিচর্যা নিশ্চিত করা গেলে পরিবারের অতিরিক্ত আয়ের সুযোগ তৈরি হওয়ার পাশাপাশি স্বাবলম্বিতা বাড়তে পারে।
প্রকল্পসংশ্লিষ্টরা জানান, মহালছড়ি সদর ইউনিয়নের দুটি দলের মোট ৫০ জন সদস্য এদিনের প্রশিক্ষণে অংশ নেন। আগামী ৮ অক্টোবর বৃহস্পতিবার মাসইসছড়ি ইউনিয়নের আরও ২৫ জন প্রশিক্ষণার্থীকে একই বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার কথা রয়েছে।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। এছাড়া প্রকল্পের আওতায় প্রশিক্ষণ নেওয়া সদস্যদের প্রত্যেককে একটি করে মুরগির খোঁয়াড় দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।
