প্রতিনিধি:
বর্ণিল আয়োজন, উৎসবমুখর পরিবেশ ও পাহাড়ের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে শেষ হয়েছে ‘মহালছড়ি সম্প্রীতি কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। ফাইনাল ম্যাচে মাইসছড়ি চৌধুরীপাড়া একাদশকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মহালছড়ি অনির্বাণ ক্লাব।
২৬ সেপ্টেম্বর শনিবার মহালছড়ি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচ ঘিরে ছিল উৎসবের আমেজ। নানা বয়সী দর্শকের উপস্থিতিতে পুরো স্টেডিয়াম পরিণত হয় মিলনমেলায়। শিরোপা জয়ের লক্ষ্যে অনির্বাণ ক্লাব ও মাইসছড়ি চৌধুরীপাড়া একাদশের খেলোয়াড়রা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে লড়াই করেন। শেষ পর্যন্ত ৩-১ গোলের ব্যবধানে জয় পায় অনির্বাণ ক্লাব।
টুর্নামেন্টে ফুটবলের পাশাপাশি সামাজিক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও পরিবেশ সংরক্ষণের বার্তাও তুলে ধরা হয়। এর অংশ হিসেবে মহালছড়ি জোনের উদ্যোগে ফাইনালসহ টুর্নামেন্টের বিভিন্ন আয়োজনে দর্শকদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। আয়োজকদের তথ্য অনুযায়ী, পুরো টুর্নামেন্টে মোট ২৫ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে।
আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলার প্রতি উৎসাহিত করা, মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখা, বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি বাড়ানো এবং পরিবেশ সংরক্ষণে সচেতনতা তৈরির লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।
ফাইনাল খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন মহালছড়ি জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আল জাবির আসিফ। এ সময় আয়োজক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়াপ্রেমী, সাংবাদিক ও বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
এ ছাড়া টুর্নামেন্টে ব্যক্তিগত পারফরম্যান্সের ভিত্তিতে ম্যান অব দ্য ম্যাচ, ম্যান অব দ্য টুর্নামেন্ট ও সেরা গোলকিপার নির্বাচিত খেলোয়াড়দেরও পুরস্কৃত করা হয়।
একই আয়োজনে মহালছড়ি উপজেলার চারটি ইউনিয়নের নারী খেলোয়াড়দের অংশগ্রহণে ‘সম্প্রীতি প্রমিলা ফুটবল কাপ’ অনুষ্ঠিত হয়। পরে এ প্রতিযোগিতার পুরস্কারও বিতরণ করা হয়।
উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হওয়া মহালছড়ি সম্প্রীতি কাপ ফুটবল টুর্নামেন্টে মহালছড়ি জোনের আওতাধীন এলাকার ১৬টি দল অংশ নেয়। ধারাবাহিক ম্যাচ শেষে শনিবার অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের জমকালো ফাইনাল।
