উদ্যোক্তাদের প্রায় ২৫ লাখ টাকা ক্ষতির দাবি
জসীম উদ্দিন জয়নাল : খাগড়াছড়ির মাটিরাঙ্গায় প্রায় চার একর জমিতে গড়ে তোলা চার হাজার বারমাসী সাজনা গাছের বাগান কেটে ফেলার অভিযোগ উঠেছে। বাগানের উদ্যোক্তাদের দাবি, সশস্ত্র একটি গোষ্ঠীর সদস্যরা গাছগুলো কেটে দিয়েছে। এতে তাঁদের প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে উপজেলার হরিধন মগপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে উদ্যোক্তারা জানান। পরদিন শুক্রবার সকালে বাগানে গিয়ে গাছগুলো কাটা অবস্থায় দেখতে পান বাগানের দায়িত্বে থাকা ব্যক্তি। একই সঙ্গে শতাধিক তরমুজের চারাও নষ্ট করে দেওয়ার অভিযোগ করা হয়েছে।
স্থানীয় সূত্র ও উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পাঁচ তরুণ উদ্যোক্তা মিলে নিজেদের কর্মসংস্থান ও আর্থিক স্বাবলম্বিতা অর্জনের উদ্দেশ্যে প্রায় দুই মাস আগে ওই এলাকায় চার একর জমিতে ‘ইন্ডিয়ান ওডিসি থ্রি’ জাতের বারমাসী সাজনার বাগানটি গড়ে তোলেন। সেখানে প্রায় চার হাজার চারা রোপণ করা হয়েছিল।
বাগানের ম্যানেজার মো. শামসুল হক বলেন, বৃহস্পতিবার দিনভর তিনি বাগানে ছিলেন। শুক্রবার বাগানে সার ও কীটনাশক দেওয়ার পরিকল্পনা ছিল। সকালে কেয়ারটেকারের কাছ থেকে গাছ কেটে ফেলার খবর পেয়ে সেখানে গিয়ে দেখেন, প্রায় দুই থেকে তিন ফুট উচ্চতার অধিকাংশ সাজনা গাছ মাটিতে পড়ে আছে।
তিনি বলেন, তরুণ উদ্যোক্তারা অনেক প্রত্যাশা নিয়ে বাগানটি করেছিলেন। গাছগুলো নষ্ট হয়ে যাওয়ায় তারা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। সাজনার পাশাপাশি শতাধিক তরমুজের চারাও উপড়ে ফেলা হয়েছে।
বাগানের অন্যতম উদ্যোক্তা মো. আরিফুল ইসলাম অভিযোগ করেন, স্থানীয় এক মারমা ব্যক্তি শুরু থেকেই বাগানটির বিরোধিতা করে আসছিলেন। তাঁর দাবি, গাছ কেটে দেওয়ার ঘটনায় তাঁদের প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
আরিফুল ইসলাম জানান, ঘটনাটি সম্পর্কে সেনাবাহিনী ও বিজিবিকে লিখিতভাবে অবহিত করা হয়েছে। একই সঙ্গে মাটিরাঙ্গা থানায়ও অভিযোগ দেওয়া হয়েছে।
এ ঘটনায় কারা জড়িত এবং কী কারণে বাগানটি ক্ষতিগ্রস্ত করা হয়েছে, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
