গুইমারায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা

খাগড়াছড়ি গুইমারা চিকিৎসা স্বাস্থ্য 🎓 শিক্ষা

প্রতিনিধি :

খাগড়াছড়ির গুইমারা উপজেলার সুবিধাবঞ্চিত মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ২৩ সেপ্টেম্বর বুধবার সকাল থেকে গুইমারা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি সেনা জোনের উদ্যোগে এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম লায়ন্স হসপিটাল ও সেনাবাহিনীর চিকিৎসকদের সমন্বয়ে পরিচালিত ক্যাম্পে প্রায় ৫০০ দরিদ্র ও অসহায় রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়। চক্ষু চিকিৎসা নেওয়া রোগীদের মধ্যে ১৫০ জনকে বিনামূল্যে চশমা দেওয়া হয়েছে।

এ ছাড়া ছানি রোগীদের পরীক্ষা-নিরীক্ষার পর ১০০ জনকে বিনামূল্যে ছানি অস্ত্রোপচারের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। নির্বাচিত রোগীদের আগামী ৩ অক্টোবর সেনাবাহিনীর তত্ত্বাবধানে চট্টগ্রাম লায়ন্স হসপিটালে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

চক্ষু রোগের পাশাপাশি জ্বর, সর্দি, চর্মরোগ ও বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্তদেরও চিকিৎসা দেওয়া হয়। রোগীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়।

ক্যাম্পে সম্প্রতি সিন্দুকছড়ি জোনের অধীনে প্রশিক্ষণ নেওয়া স্থানীয় নার্সরাও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেন। এতে চিকিৎসাসেবা কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনায় সহায়তা করেন তারা।

চিকিৎসাসেবা পাওয়া রোগী, স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা সেনাবাহিনীর এ উদ্যোগের প্রশংসা করেন। তাদের মতে, দুর্গম ও সুবিধাবঞ্চিত এলাকার মানুষের জন্য বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসার সুযোগ তৈরি হওয়ায় অনেক মানুষ উপকৃত হয়েছেন।

সিন্দুকছড়ি জোনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলেন, পার্বত্য এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর কাছে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই এ ধরনের কর্মসূচির মূল উদ্দেশ্য। শান্তি, সম্প্রীতি ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার কথা জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *