লক্ষ্মীছড়ির দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর বাঁশের সাঁকো

অর্থনীতি খাগড়াছড়ি লক্ষ্মীছড়ি

মো. ইসমাইল হোসেন :

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার দুল্যাতলী ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকার ছয়টি পাড়ার মানুষের চলাচলের সুবিধার্থে বাঁশের সাঁকো নির্মাণ করে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি সেনা জোনের দুল্যাতলী আর্মি ক্যাম্প।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ছয়টি পাড়ায় বসবাসকারী প্রায় ৩০০ মানুষ প্রতিদিন একটি পানির ছড়া পার হয়ে উপজেলা সদর ও আশপাশের এলাকায় যাতায়াত করেন। বিকল্প পথ না থাকায় ছড়াটি পারাপারই তাদের চলাচলের অন্যতম প্রধান মাধ্যম।

বর্ষা মৌসুমে পানির প্রবাহ বেড়ে গেলে এ পথে চলাচল আরও কঠিন হয়ে পড়ে। এতে স্কুলগামী শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে দুল্যাতলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াতে সমস্যায় পড়তে হতো।

সম্প্রতি দুল্যাতলী আর্মি ক্যাম্পের উদ্যোগে বাঁশের সাঁকো নির্মাণের পর ছয় পাড়ার মানুষের চলাচল সহজ হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে, সাঁকোটি আপাতত দৈনন্দিন যাতায়াতে স্বস্তি এনে দিয়েছে। তবে স্থায়ী সমাধানের জন্য সেখানে একটি কালভার্ট বা পাকা সেতু নির্মাণের দাবি জানিয়েছেন তারা।

দুল্যাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ত্রিলন চাকমা বলেন, দুর্গম এলাকার মানুষের দীর্ঘদিনের যাতায়াতের সমস্যা বিবেচনায় সেনাবাহিনীর এ উদ্যোগ কার্যকর সহায়তা দিয়েছে। বাঁশের সাঁকো নির্মাণের ফলে স্থানীয়দের পাশাপাশি শিক্ষার্থীরাও সহজে চলাচল করতে পারছেন বলে জানান তিনি।

দুল্যাতলী আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর নাহিয়ান ইমতিয়াজ বলেন, স্থানীয় মানুষের চলাচলের দুর্ভোগ কমাতে বাঁশের সাঁকোটি নির্মাণ করা হয়েছে। এতে শিক্ষার্থী ও সাধারণ মানুষ বাজার, বিদ্যালয় ও প্রয়োজনীয় কাজে যাতায়াতে সুবিধা পাবেন। দুর্গম এলাকার মানুষের আর্থসামাজিক উন্নয়নে ভবিষ্যতেও জনকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা জানান তিনি।

স্থানীয়রা বলেন, বাঁশের সাঁকোটি আপাতত চলাচলের সমস্যা কিছুটা কমিয়েছে। তবে বর্ষাকালে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে স্থায়ীভাবে একটি কালভার্ট বা সেতু নির্মাণ করা প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *